Published : 18 Nov 2025, 03:05 PM
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের প্রেক্ষাপটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর সমর্থনে ছবিযুক্ত পোস্ট করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ লাভলু মোল্লাহকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে তাঁর বাসার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও একদল শিক্ষার্থী বিক্ষোভ করেন। পরবর্তীতে শাহবাগ থানার পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ মঙ্গলবার দুপুর ২টার কিছু পর জানান, লাভলু মোল্লাহর বিরুদ্ধে পূর্বের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলা রয়েছে এবং সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজই তাঁকে আদালতে তোলা হবে।
আটক হওয়ার আগে লাভলু একটি ভিডিওবার্তার মাধ্যমে দাবি করেন, তিনি কোনো ভুল করেননি এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লাভলু ছাত্রজীবনে ঢাবির মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এই ঘটনার প্রেক্ষিতে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা তাঁর ফেসবুকে লেখেন, “আমরা লাভলুকে পুলিশের হাতে তুলে দিয়েছি। গণহত্যাকারী শিক্ষকদের ব্যাপারেও আমাদের একই অবস্থান থাকবে। যারা তাদের পক্ষ নেবে, তাদেরও জবাবদিহি করতে হবে।
আমরা শহিদদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের জন্য ন্যায়বিচার আনার শপথ নিয়েছি, ক্ষমতার লোভে বা তোষামোদি করে আসিনি।” আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার জুলাই মাসের হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণা করে। রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।।
গাজীপুরে মর্মান্তিক হত্যাকাণ্ড: মা ও শিশুসহ ৫ প্রাণ কেড়ে নিল এক নিষ্ঠুর পিতা!