Published : 28 Feb 2026, 11:08 AM
শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পা রাখার কঠিন চ্যালেঞ্জ নিয়েছে পাকিস্তান। জয়ের জন্য তাদের একটি বিশেষ সমীকরণ মেলানো দরকার। প্রথমে ব্যাট করলে ন্যূনতম ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। আর পরে ব্যাট করলে ১৩.১ ওভারের মধ্যে জয়ের লক্ষ্যে পৌঁছাতে হবে। এই কঠিন কাজটি সফল করতে পারলে রানরেটে নিউজিল্যান্ডকে পেছনে ফেলে পাকিস্তান শেষ চারে খেলবে। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ফাফ ডু প্লেসি এবং পাকিস্তানের দুই প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ আমির ও আহমেদ শেহজাদ এই বিষয়ে পরামর্শ দিয়েছেন। ডু প্লেসি মনে করেন, ফখর জামান হতে পারে পাকিস্তানের ‘তুরুপের তাস’। তাকে ব্যাটিং অর্ডারে উপরে তুলে আনলে ভালো ফল পাওয়া যেতে পারে। তিনি বলেন, “আমি ফখরকে তিন নম্বরে দেখতে চাই। এটা ইতিবাচক সমন্বয় হবে। ইতিপূর্বে তিন ও চার নম্বরে ব্যাট করে ফখর সাফল্য দেখিয়েছে। এখানেও রান করার সম্ভাবনা রয়েছে।
” এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার খেলেন ফখর। সেই ম্যাচে তিনি পাঁচে নেমে ১৬ বলে ২৫ রান করেন। ডু প্লেসি আরও বলেন, “এমন একটি দল নিয়ে খেলতে হবে যারা ইতিবাচক ক্রিকেট খেলতে পারে। বৃষ্টিতে খেলা সংক্ষিপ্ত হলে ১৩ ওভারের ম্যাচে রান তাড়া করা হবে, নাকি প্রতিপক্ষকে অল-আউট করা হবে—সে বিষয়ে আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে এবং সেই অনুযায়ী দল নির্বাচন করতে হবে।” আমির চান ফখর জামানকে ওপেনিংয়ে দেখতে। তিনি একটি টিভি অনুষ্ঠানে বলেন, “টপ অর্ডারে সাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আগা ও খাজা নাফেককে খেলানো উচিত। উসমান খান যেহেতু উইকেটকিপার, তাই দলে থাকবেন। এরপর শাদাব ও নেওয়াজ আসবে। সাইম (টপ অর্ডার) যদি বাইরে থাকে, তাহলে আবরারকে তার জায়গায় খেলানো যেতে পারে। নাফেক বাবরের জায়গায় খেলতে পারে। শাহিন ও নাসিমও দলে থাকবে।” শেহজাদও বাবরের পরিবর্তে অন্য খেলোয়াড়কে দলে নেওয়ার কথা বলেছেন।
তিনি বলেন, “বিশেষজ্ঞ খেলোয়াড়দের নিয়ে মাঠে নামুন। বেঞ্চে ডন ব্র্যাডম্যান বসে নেই। তাই ছোট ছোট সমন্বয় করতে হবে। শাদাবের জায়গায় আবরারকে এবং বাবরের জায়গায় নাফেককে খেলানো যেতে পারে। এতে ব্যাটিং ও বোলিং—দুটোই ভালো হবে।” শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটি পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে। এই ভেন্যুতে স্পিনাররা বেশি সুবিধা পাবেন। তবে স্পিনারদের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট খুব একটা ভালো নয়, যা তাদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে পাকিস্তান দলে অন্তত ২৫০ বল খেলা ব্যাটসম্যানদের মধ্যে চারজনের স্ট্রাইক রেট স্পিনারদের বিপক্ষে ১২৫-এর নিচে। এই তালিকায় আছেন বাবর আজম, সালমান আগা, উসমান খান এবং ফখর জামানও। সুপার এইটের এই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তান মুখোমুখি হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।।
আইসিসি প্রধানের বিতর্ক: ভারতের জয়োল্লাস মঞ্চে, ট্রফি নিয়ে মন্দিরে!