Published : 29 Apr 2026, 09:05 PM
কুমিল্লা বন্ধুসভার সৃজনশীল সাহিত্যকর্মের সংকলন ‘ধর্মসাগর’-এর মনোমুগ্ধকর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল কুমিল্লা আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রকাশোৎসব ছিল এক আনন্দমুখর আয়োজন। প্রধান অতিথির ভাষণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, “এই উৎসব কেবল একটি অনুষ্ঠান নয়, বরং এটি আমাদের সৃজনশীলতা, চিন্তাধারা এবং সংস্কৃতির মেলবন্ধন। একটি বই শুধুমাত্র কিছু অক্ষরের সমষ্টি নয়, এটি একটি সময়ের দর্পণ, সমাজের প্রতিচ্ছবি এবং এক প্রজন্মের স্বর।” বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর জি এম মনিরুজ্জামান বন্ধুসভার দীর্ঘদিনের কার্যক্রমের প্রশংসা করেন।
তিনি বলেন, “তরুণদের চিন্তাশক্তিকে জাগিয়ে তোলা, লেখালেখির প্রতি তাদের উৎসাহিত করা এবং সমাজমুখী সাহিত্যচর্চাকে এগিয়ে নিয়ে যাওয়াই বন্ধুসভার মূল লক্ষ্য। আজকের এই প্রকাশনা তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।” উৎসবের সভাপতি কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, “সাহিত্য এবং বই মানুষের মনকে প্রসারিত করে, সহানুভূতি বৃদ্ধি করে এবং সত্য ও সৌন্দর্যের পথে পরিচালিত করে।” অনুষ্ঠানে সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, প্রথম আলো কুমিল্লার প্রতিনিধি আবদুর রহমান এবং আসলাম খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌসী আক্তারও বক্তব্য রাখেন। কুমিল্লা বন্ধুসভার সাধারণ সম্পাদক হানিফ মোছাব্বীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি প্রশান্ত কর্মকার।
প্রথম আলো কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা জুয়েল, কুমিল্লা আইডিয়াল কলেজের ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইন, কুমিল্লা বন্ধুসভার সহসভাপতি ও বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক তাসনিম তাবাসসুমসহ অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কুমিল্লা বন্ধুসভার সৃজনশীল সাহিত্য প্রকাশনা ‘ধর্মসাগর’ প্রথম আলোর ফটোসাংবাদিক প্রয়াত এম সাদেকের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। সভাপতি, কুমিল্লা বন্ধুসভা।
সাহিত্যের গভীরে ডুব: 'হাজার বছর ধরে' পাঠচক্রের মাধ্যমে অতীত ও বর্তমানের মেলবন্ধন