Published : 07 May 2026, 03:05 AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সমালোচনামূলক মন্তব্য করা হয়েছে। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ বিবৃতি দিয়েছে। বুধবার রাতে সাদা দলের সভাপতি অধ্যাপক মো. আজম খান স্বাক্ষরিত বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উপাচার্যের সম্মানহানি হয় এমন মন্তব্যগুলো শুধু তাঁর ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করছে না, বরং বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই ধরনের ভাষা ব্যবহার অনাকাঙ্ক্ষিত এবং গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথমবার নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠিত হয়েছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য একটি বড় স্বপ্ন পূরণ করেছে। ছাত্র সংসদের মূল কাজ হলো বিশ্ববিদ্যালয়ের উন্নতি এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। কিন্তু দুঃখের বিষয়, কিছু শিক্ষার্থী তাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এমন কিছু কাজ করছে যা শিক্ষার পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক হিসেবে উপাচার্য একইসাথে ছাত্র সংসদের সভাপতি, তাই সকলের উচিত তাঁর সাথে সমন্বিতভাবে কাজ করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়া। বিবৃতিতে উল্লেখ করা হয়, সামাজিক মাধ্যমে উপাচার্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য তাঁর কর্মস্পৃহা কমিয়ে দিচ্ছে এবং সম্মানহানি করছে।
এমন ভাষা ব্যবহার করা অনুচিত। সাদা দল ছাত্র সংসদের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের কাছে বিশেষভাবে অনুরোধ করছে, তারা যেন এমন কোনো কাজ থেকে বিরত থাকে যা উপাচার্য এবং অন্যান্য শিক্ষকমণ্ডলীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। সাদা দল মনে করে, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর বক্তব্য ও কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নকে বাধাগ্রস্ত করবে এবং প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করবে। তাই, ছাত্র সংসদের সদস্যদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করা হচ্ছে, তারা যেন দায়িত্বশীল আচরণ করে এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে প্রশংসনীয় ভূমিকা রাখে।।
এক্স-এর নতুন আয়ের বণ্টননীতি থামিয়ে দিলেন ইলন মাস্ক, কারণ কী?