Published : 11 May 2026, 01:07 PM
সুন্দরবনের গভীরে মধু সংগ্রহের সময় বাঘের থাবায় গুরুতর আহত হয়েছেন বাবলু গাজী (৪৮) নামের এক মৌয়াল। সহযাত্রী মৌয়ালদের দ্রুত পদক্ষেপ ও সাহসিকতায় তিনি প্রাণে বেঁচে যান, তবে শরীরজুড়ে গভীর ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গতকাল রবিবার সকাল আটটার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে এই ঘটনা ঘটে। প্রায় ২৪ ঘণ্টা পর আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে লোকালয়ে আনা হয়। বাবলু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মালেক গাজীর ছেলে। বর্তমানে তাঁকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান শরিফুল ইসলাম জানান, বাবলু গাজীর অবস্থা স্থিতিশীল হলেও শরীরে অনেক ক্ষত রয়েছে এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। মৌয়াল দলের নেতা ইউসুফ গাজী জানান, গত বুধবার তাঁরা ১১ সদস্যের একটি দল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে মধু সংগ্রহে যান। বাবলু ও তাঁর বাবা মালেক গাজীও সেই দলের অংশ ছিলেন। ঘটনার দিন সকালে পায়রাটুনি খাল এলাকায় মধু খুঁজতে গিয়ে বাবলু একটু এগিয়ে ছিলেন।
হঠাৎ ঝোপের ভেতর থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। মুহূর্তের মধ্যে অন্য মৌয়ালরা চিৎকার করে লাঠিসোঁটা দিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করেন। প্রায় ১৫ মিনিট ধরে মানুষ ও বাঘের মধ্যে ধস্তাধস্তি চলে। শেষ পর্যন্ত বাঘটি বাবলুকে ছেড়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত বাবলুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাবুলের বাবা মালেক গাজী বলেন, “আমরা একসাথে মধু সংগ্রহ করতে গিয়েছিলাম। হঠাৎ বাঘটি আমার ছেলের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমরা সবাই মিলে লাঠিসোঁটা দিয়ে বাঘটিকে তাড়া করি। প্রায় ১৫-২০ মিনিট ধরে চেষ্টা করে কোনোমতে ছেলেকে বাঘের মুখ থেকে বাঁচিয়ে আনতে পেরেছি। তবে তাঁর শরীরে অনেক আঘাত লেগেছে।
” মৌয়াল আরাফাত গাজী জানান, সুন্দরবনে মধু সংগ্রহ করতে যাওয়া সবসময়ই জীবনের ঝুঁকি নিয়ে। বাঘ, কুমির, বনদস্যু – নানা বিপদ এখানে ওঁৎ পেতে থাকে। এর ওপর মহাজনদের চাপ তো রয়েছেই। তাঁরা বাধ্য হয়ে কম দামে মধু বিক্রি করতে বাধ্য হন। বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের কর্মকর্তা ফজলুল হক জানান, তাঁরা একজন মৌয়ালের বাঘের আক্রমণে আহত হওয়ার খবর পেয়েছেন। তবে এখনো পর্যন্ত আহত ব্যক্তির স্বজনেরা তাঁদের সাথে সরাসরি যোগাযোগ করেননি। তাঁরা তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখছেন।।
ইরান-ইসরায়েল উত্তেজনা: সাতক্ষীরার পাম্পগুলোতে তেল কেনার উৎসুক ভিড়