Published : 25 Nov 2025, 10:07 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি। দলের প্রস্তাবিত বাজেটে এই দুটি খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ রাখা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম শহরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা ও আহমেদুল আলম চৌধুরী রাসেল পরিচালনায় ছিলেন। বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আলোচক হিসেবে বক্তব্য রাখেন। আমীর খসরু বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের পড়াশোনার গুরুত্ব রাজনৈতিক অঙ্গন পর্যন্ত পৌঁছে গেছে। তাদের মেধা, দক্ষতা এবং শিক্ষাই নির্ধারণ করবে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। ভালো পড়াশোনা করলে এখন শুধু সামাজিক স্বীকৃতি নয়, রাজনৈতিক স্বীকৃতিও পাওয়া যায়। স্বৈরাচারী শাসনের অবসান হওয়ার পর নতুন আশা, নতুন স্বপ্ন এবং নতুন আকাঙ্ক্ষা জেগে উঠেছে, যা আগে দেখা যায়নি।
মেধা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” বিএনপির শিক্ষা ভাবনা সম্পর্কে তিনি বলেন, “আমরা পরিকল্পনা করছি ভবিষ্যৎ বাংলাদেশের শিক্ষা কেমন হবে, শিক্ষকদের প্রশিক্ষণ কেমন হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত, নাটক-থিয়েটারেরও প্রয়োজনীয়তা রয়েছে। নতুন বিশ্বে আমরা কীভাবে যুক্ত হব, সেই বিষয়গুলোও আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হবে।” প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে তিনি বলেন, “এখন সবার হাতে স্মার্টফোন রয়েছে। এর মাধ্যমে বিশ্বের যেকোনো লাইব্রেরিতে প্রবেশ করা যায়, বই অর্ডার করা যায়। মেধার সঠিক ব্যবহারই একজন মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় জাপানি, চীনা, ইংরেজি ও আরবি ভাষা শেখার সুযোগ থাকবে। যে যত বেশি জ্ঞান অর্জন করবে, তার জীবনযাত্রার মান তত উন্নত হবে।
বাংলাদেশে বসে বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।” স্বাস্থ্যখাত উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “অনেকে আছেন যারা ঠিকমতো দুই বেলা খাবারও খেতে পারেন না। শরীর ভালো না থাকলে মেধা বিকাশও সম্ভব নয়। তাই আমরা সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনামূল্যে নিশ্চিত করব, ইনশাল্লাহ। পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসার ব্যবস্থাও করা হবে।” অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “এটা শুধু বিএনপি একা করতে পারবে না, সবার সহযোগিতা প্রয়োজন। তরুণ মেধাবী ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে।”।
নতুন বেতন কাঠামো: অর্থমন্ত্রীর ঘোষণা, কীভাবে হবে ধাপে ধাপে বাস্তবায়ন?