Published : 21 May 2026, 01:40 PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আটটি গুরুত্বপূর্ণ দাবিতে হল সংসদের নেতারা একটি আবাসিক হলের প্রাধ্যক্ষের কার্যালয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে আলাওল হলে এই ঘটনা ঘটে। এরপর দুপুর ২টার দিকে প্রাধ্যক্ষের সাথে আলোচনা ও আশ্বাসের প্রেক্ষিতে কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। হল সংসদের অভিযোগ, তারা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে হল প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী। কিন্তু হল প্রাধ্যক্ষের অসহযোগিতার কারণে তাদের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। তারা জানান, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রাধ্যক্ষ নানা অজুহাতে বৈঠক এড়িয়ে যাচ্ছেন। ফলে, বাধ্য হয়ে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেন।
আলাওল হল সংসদের নেতারা জানিয়েছেন, তাদের দাবির মধ্যে রয়েছে ডাইনিংয়ের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহ, ক্যানটিন চালু করা, ঈদে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন, একটি মেডিসিন কর্নার স্থাপন, পাঠাগারে নতুন বই যুক্ত করা, হলের সিসিটিভি ক্যামেরা সক্রিয় করা, বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং হলের কক্ষগুলোর সংস্কার করা। এ বিষয়ে আলাওল হল সংসদের সাধারণ সম্পাদক মো. নুর নবী হাসান বলেন, “আমরা নতুন হল প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁকে স্বাগত জানিয়েছি এবং সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু তিনি হল সংসদের সাথে বসতে আগ্রহী নন। হলে ছোট-বড় অনেক সমস্যা রয়েছে, যেগুলো নিয়ে আমরা বারবার তাঁর সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু বহুবার চেষ্টা করেও সুযোগ পাইনি। তিনি প্রতিবারই বিভিন্ন অজুহাতে বিষয়টি এড়িয়ে গেছেন।” হল সংসদের যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মাইন হানজালা বলেন, “হলের কক্ষগুলোতে বৃষ্টির সময় পানি ঢুকে যায়। এছাড়াও, কক্ষ ও ক্যানটিনের জন্য বিভিন্ন আসবাবপত্রের প্রয়োজন রয়েছে।
আমরা এসব দাবি আগে প্রাধ্যক্ষকে জানিয়েছি, কিন্তু কোনো সমাধান পাইনি।” অন্যদিকে, চলতি মাসের ৫ তারিখে আনুষ্ঠানিকভাবে হল প্রাধ্যক্ষ হিসেবে যোগদান করা ইতিহাস বিভাগের অধ্যাপক জামালুল আকবর চৌধুরী অভিযোগের বিষয়ে বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি নিয়মিত হল সংসদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করছি। আগের প্রশাসনের কিছু দুর্বলতা ছিল, সেগুলো সমাধানের চেষ্টা করছি। গত পরশু বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত হলে বসে সমস্যা সমাধানের চেষ্টা করেছি এবং বাকি সমস্যাগুলো সমাধানের প্রক্রিয়া চলছে।”।
কোস্ট ফাউন্ডেশনে আকর্ষণীয় চাকরির সুযোগ! ২৮ মার্চ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ৬০ জন নিয়োগ