Published : 04 May 2026, 07:06 AM
নেদারল্যান্ডসের একটি ক্রুজ জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণে তিনজন যাত্রী মারা গেছেন এবং আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। ইঁদুরবাহিত এই ভাইরাস শ্বাসকষ্টের জটিলতা সৃষ্টি করে প্রাণ কেড়ে নিতে পারে। নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ এবং বিভিন্ন সংবাদমাধ্যম গতকাল রোববার এই তথ্য জানিয়েছে। ওশানওয়াইড এক্সপেডিশনস নামের একটি পর্যটন সংস্থা জানিয়েছে, তাদের মেরু অভিযাত্রী জাহাজ এমভি হন্ডিয়াসে একটি গুরুতর স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। জাহাজটি বর্তমানে আফ্রিকার পশ্চিম উপকূলের আটলান্টিক মহাসাগরের কেপ ভার্দে দ্বীপের কাছে রয়েছে। জানা গেছে, জাহাজটি প্রায় তিন সপ্তাহ আগে ১৫০ জন যাত্রী নিয়ে আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করেছিল। কেপ ভার্দে যাওয়ার পথে এটি অ্যান্টার্কটিকা ও অন্যান্য কয়েকটি স্থানে যাত্রাবিরতি করে। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের দুইজন নাগরিকের মৃত্যু হয়েছে। তবে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের এক্সে করা পোস্টে জানিয়েছে, অসুস্থদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন। স্কাই নিউজের খবরে বলা হয়েছে, ওই যাত্রী একজন ব্রিটিশ নাগরিক। ডব্লিউএইচও এই প্রাদুর্ভাবের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। ছয়জন অসুস্থ যাত্রীর মধ্যে একজনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত করা হয়েছে। ওশানওয়াইড এক্সপেডিশনস জানিয়েছে, কেপ ভার্দের কর্তৃপক্ষ অসুস্থ যাত্রীদের জাহাজ থেকে নামার অনুমতি দেয়নি। ডাচ সরকার এখন দুইজন অসুস্থ যাত্রী ও একজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। হান্টাভাইরাস সাধারণত ইঁদুরের মলমূত্রের মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। ইঁদুর যেখানে বাসা বাঁধে, সেই স্থান পরিষ্কার করার সময় মানুষ এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। ডব্লিউএইচও জানিয়েছে, খুব কম ক্ষেত্রে এটি মানুষ থেকে মানুষে ছড়াতে পারে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানায়, এই রোগের শুরুতে ফ্লু বা সাধারণ সর্দির মতো উপসর্গ দেখা যায়। পরে এটি হৃদপিণ্ড ও ফুসফুসের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। এই রোগে মৃত্যুর হার প্রায় ৪০ শতাংশ। হান্টাভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। তাই উপসর্গ অনুযায়ী সহায়তা মূলক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর ক্ষেত্রে রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে হয়। যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।।
ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ২৭ জনের মর্মান্তিক মৃত্যু, উদ্ধারকাজ চলছে