Published : 09 May 2026, 01:06 AM
লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, নেইমারের সঙ্গে তাঁর বন্ধুত্ব কতটা গভীর। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা জানিয়েছেন, আসন্ন ফিফা বিশ্বকাপে তিনি নেইমারকে ব্রাজিলের দলে দেখতে চান। নেইমারের দক্ষতা অবশ্যই একটি কারণ, তবে মেসি অকপটেই স্বীকার করেছেন, বন্ধুত্বের কারণে তিনি এই বিষয়ে একেবারেই ‘নিরপেক্ষ’ নন। সম্প্রতি পোলো আলভারেজের পডকাস্ট ‘লো ডেল পোলো’-তে দেওয়া সাক্ষাৎকারে মেসি নেইমারকে নিয়ে তাঁর আবেগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। চোট ও ফর্মের অভাবে দীর্ঘদিন ধরে ব্রাজিল জাতীয় দলের বাইরে থাকা নেইমারকে নিয়ে মেসি বলেন, ‘আমরা সবসময় চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। নেইমার এখন কেমন ফর্মে আছে, সেটা বড় কথা নয়, সে সবসময়ই সেরাদের একজন হিসেবে গণ্য হবে।’ বার্সেলোনা ও পিএসজিতে মেসি ও নেইমার দীর্ঘ ছয় বছর একসঙ্গে খেলেছেন।
সেই সুবাদে তাঁরা একে অপরের খুব ভালো বন্ধু। নেইমারের বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া নিয়ে যখন অনিশ্চয়তা, তখন মেসি তাঁর প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, ‘নেইমার আমার খুব ভালো বন্ধু। আমি অবশ্যই তাকে বিশ্বকাপে দেখতে চাই। মানুষ হিসেবে সে খুবই চমৎকার, তাই তার সঙ্গে সবসময় ভালো কিছু হওয়া উচিত। তবে নেইমারকে নিয়ে কথা বলার সময় আমি মোটেও নিরপেক্ষ হতে পারি না, কারণ আমি মনেপ্রাণে চাই সে বিশ্বকাপে থাকুক।’ ব্রাজিল ফুটবলে নেইমারের প্রভাব নিয়ে মেসি আরও বলেন, ‘ব্রাজিল এবং বিশ্ব ফুটবলের জন্য নেইমার যে গুরুত্ব বহন করে, তাতে বিশ্বকাপে তাকে দেখাটা দারুণ ব্যাপার হবে। সে খুবই সহজ-সরল এবং প্রাণবন্ত একজন মানুষ।
কোনো রকম ভণিতা ছাড়াই সে জীবন কাটাতে ভালোবাসে এবং অন্যরা কী ভাবছে, তা নিয়ে সে মাথা ঘামায় না।’ ২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিলের হয়ে আর কোনো ম্যাচ খেলেননি নেইমার। বর্তমানে তিনি তাঁর দেশের ক্লাব সান্তোসের হয়ে খেলছেন। গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তি নেইমারকে দলে ডাকেননি। তবে, গত মাসে ফরাসি সংবাদমাধ্যম লেকিপকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি আশা প্রকাশ করেছিলেন যে নেইমারকে শতভাগ ফিট পাওয়া যাবে। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের মার্চে হাঁটুতে অস্ত্রোপচারের পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা নেইমার। আরও পড়ুননেইমারকে বিশ্বকাপে চান না ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান, ব্রাজিল ট্রফি জিতবে না মনে করেন ৬৮ শতাংশ১৮ এপ্রিল ২০২৬।