Published : 31 Mar 2026, 01:06 PM
বিশ্বকাপের শুরু হতে আর মাত্র ৭২ দিন বাকি, তার আগে জাতীয় দলের প্রধান কোচ অটো আদ্দোকে বিদায় জানিয়েছে ঘানা। গতকাল রাতে জার্মানির সাথে প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরে যাওয়ার পরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আফ্রিকার দেশটি এখন নতুন কোচের সন্ধানে, যা তাদের বিশ্বকাপ প্রস্তুতিতে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। জার্মানির বিপক্ষে ম্যাচে ঘানা বেশ ভালো খেলেছিল। ৮৮ মিনিট পর্যন্ত স্কোর ছিল ১-১। কিন্তু শেষ মুহূর্তে দেনিজ উনদাভের গোলে হারতে হয় তাদের। তবে শুধু জার্মানির বিপক্ষের হার নয়, সাম্প্রতিক ফর্মও খুব একটা ভালো ছিল না ঘানার। আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে উড়ে গিয়েছিল তারা।
এছাড়াও, গত নভেম্বরে জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছেও হেরেছিল ঘানা। এই ধারাবাহিক ব্যর্থতার কারণেই শেষ পর্যন্ত চাকরি হারাতে হলো অটো আদ্দোকে। ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) এক বিবৃতিতে জানায়, “অটো আদ্দো দলের জন্য যে অবদান রেখেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাঁর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাই। ব্ল্যাক স্টারসের নতুন টেকনিক্যাল ডিরেকশন এবং পরিকল্পনা খুব শীঘ্রই জানানো হবে।” ৫০ বছর বয়সী আদ্দো গত বছর মার্চ থেকে ঘানার জাতীয় দলের দায়িত্ব পালন করছিলেন। এর আগে, ২০২২ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত তিনি প্রথম মেয়াদে এই দায়িত্ব পালন করেন এবং ঘানাকে ২০২২ সালের বিশ্বকাপে নেতৃত্ব দেন। যেখানে পর্তুগালের বিপক্ষে হারলেও, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় পেয়েছিল তারা। তবে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিতে হয়।
মজার বিষয় হলো, এই বিশ্বকাপেই আদ্দো প্রথম ঘানাইয়ান খেলোয়াড় ও কোচ হিসেবে একসঙ্গে দেশের প্রতিনিধিত্ব করার বিরল কীর্তি গড়েন। এরপর, ২০২৪ সালের মার্চে আবারও দায়িত্ব নিয়ে ঘানাকে আরেকটি বিশ্বকাপে নিয়ে যান। যদিও তাঁর অধীনে ঘানা গত বছর আফ্রিকা কাপ নেশনসের যোগ্যতা অর্জন করতে পারেনি। পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাওয়া ঘানা ‘এল’ গ্রুপে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও পানামার সাথে লড়বে। তারা তাদের প্রথম ম্যাচটি খেলবে ১৭ জুন টরন্টোতে পানামার বিপক্ষে। তবে সেই ম্যাচে ডাগআউটে থাকবেন অন্য একজন, অটো আদ্দো নন।।
ম্যাচটি ছিল সাজানো, আর্জেন্টিনাকে আরও এক বিশ্বকাপ জয়ের শুভেচ্ছা