Published : 06 Aug 2026, 07:16 PM
এক সপ্তাহের মধ্যে বাজারে ডিম, ব্রয়লার ও সোনালি মুরগির দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ডিমের ডজন এখন ১৫০ টাকার উপরে চলে এসেছে। পাশাপাশি, প্রতি কেজি সোনালি মুরগির দাম প্রায় ৩০ টাকা, আর ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বিক্রেতাদের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে বাজারে মাংস ও ডিমের সরবরাহ কম থাকায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। এছাড়াও, বৃষ্টির কারণে সবজি ও মাছের দাম বেড়ে যাওয়ায় মানুষের চাহিদা বৃদ্ধি পেয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পণ্যের দামে। আজ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার এবং আগারগাঁও তালতলা বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা যায়।
সরেজমিনে দেখা গেছে, আজকের খুচরা বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০ টাকায়। দর কষাকষির পর কিছু দোকানে ১০ টাকা কম দামে বিক্রিও হচ্ছে। গত সপ্তাহে ব্রয়লারের দাম ছিল প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকা, অর্থাৎ সপ্তাহের ব্যবধানে তা বেড়েছে প্রায় ১০ থেকে ২০ টাকা। দেশি মুরগির বিকল্প হিসেবে সোনালি মুরগির চাহিদা বাজারে অনেক বেশি। এই মুরগির দামও বৃদ্ধি পেয়েছে; আজ প্রতি কেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৩৭০ টাকায়, যেখানে গত সপ্তাহে এর দাম ছিল ৩৪০ থেকে ৩৫০ টাকা। কালারবার্ড বা হাইব্রিড সোনালি মুরগির দামও বেড়েছে, যা আজ প্রতি কেজি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে (আগের সপ্তাহে ছিল ৩০০-৩২০ টাকা)।
ডিমের ক্ষেত্রেও পরিস্থিতি একই। এক সপ্তাহ আগে বড় বাজারে ফার্মের মুরগির এক ডজন ডিম ১৪০ টাকায় পাওয়া যেত, কিন্তু এখন পাড়া-মহল্লার দোকানে তা ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। এর অর্থ হলো, বর্তমানে প্রতি হালি ডিম প্রায় ৫০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের ডিম বিক্রেতা মুরাদ হোসেন জানান, বন্যার কারণে অনেক খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে। সবজি ও মাছের দাম বেশি থাকায় মানুষ মুরগি ও ডিম কেনার প্রবণতা বাড়িয়েছে, ফলে চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে।।
কারওয়ান বাজারের জলিলের দোকানে স্বল্প মূল্যে মাংস, গরিবের মুখে হাসি