Published : 19 Jan 2026, 12:06 PM
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এবং ভারতে খেলা নিয়ে জটিলতা বাড়ছে। ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছে। ইএসপিএন-ক্রিকইনফো সূত্রে খবর, এটি গত এক সপ্তাহের মধ্যে আইসিসি ও বিসিবির দ্বিতীয় বৈঠক। বৈঠকে বিসিবি আবারও স্পষ্ট করে দিয়েছে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আগ্রহী, তবে ভারত নয়, অন্য কোনো ভেন্যুতে খেলতে চায়। এক্ষেত্রে শ্রীলঙ্কাকে তাদের প্রথম পছন্দ হিসেবে জানানো হয়েছে। ভারতে দলের নিরাপত্তা নিয়ে বিসিবি উদ্বেগ প্রকাশ করেছে। যদিও আইসিসি তাদের পূর্বনির্ধারিত সূচি পরিবর্তনে রাজি নয়। সূচি অনুযায়ী, বাংলাদেশ গ্রুপ 'সি'-তে রয়েছে এবং সবগুলো ম্যাচ ভারতে অনুষ্ঠিত হবে। গত ৪ জানুয়ারি বিসিবি প্রথম তাদের উদ্বেগের কথা জানায়।
বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন সপ্তাহ বাকি, অথচ এই অচলাবস্থা এখনো কাটেনি। উদ্বোধনী দিনেই কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে। এরপরের দুটি ম্যাচও কলকাতা এবং শেষ গ্রুপ ম্যাচটি মুম্বাইয়ে হওয়ার কথা। শনিবারের আলোচনায় বিসিবি গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেয়। তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করে গ্রুপ 'বি'-তে যেতে চেয়েছিল, যাতে শ্রীলঙ্কায় খেলতে পারে। কিন্তু আইসিসি এই প্রস্তাবেও সাড়া দেয়নি। আইসিসি বিসিবিকে জানিয়েছে, ভারতে বাংলাদেশের দলের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ২০টি অংশগ্রহণকারী দলের জন্য পাঠানো নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, ভারতে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি 'মাঝারি থেকে উচ্চ' স্তরের হলেও কোনো নির্দিষ্ট দলের জন্য সরাসরি কোনো হুমকি নেই। এই মূল্যায়ন একটি স্বাধীন নিরাপত্তা সংস্থা করেছে।
আইসিসি-বিসিবি আলোচনার সঙ্গে যুক্ত সূত্র জানিয়েছে, আইসিসি এখন বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। যদি বিসিবি শেষ পর্যন্ত দল পাঠাতে রাজি না হয়, তবে আইসিসি বিকল্প দল বিবেচনা করবে। র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড সেই সুযোগ পেতে পারে। এই সমস্যার সূত্রপাত হয়েছিল যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৬ স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এর কারণ হিসেবে কিছুই জানানো হয়নি। এরপর বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি আইসিসিকে জানায়, তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবে না। এরপর থেকে বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।।