Published : 24 Mar 2026, 01:05 AM
শাকিব খানের ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটি সময়মতো সার্ভারে না পৌঁছানোর কারণে বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে প্রদর্শনে সমস্যা হয়েছে। টিকিট কাটার পরেও অনেক দর্শক সিনেমাটি দেখতে না পেরে ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালান। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ জানান, সিনেমাটির পরিবেশনার দায়িত্বে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। এই জটিলতার কারণ জানতে চাইলে পরিচালক গতকাল রোববার সাংবাদিকদের বলেন, ‘জাজ মাল্টিমিডিয়ার নতুন সার্ভারটি হল মালিকদের কাছে এখনো অপরিচিত। আগের সার্ভারে সিনেমা দ্রুত সরবরাহ করা যেত, কিন্তু এই সার্ভারে প্রতিটি সিনেমার জন্য প্রায় ২০-২৫ মিনিট সময় লাগছে। তাই আমরা ঈদের আগে সিনেমাগুলো সরবরাহ করলেও, নতুন সার্ভারের কারণে সবার কাছে পৌঁছাতে বেশি সময় লেগেছে।
হল মালিকেরা যেহেতু অভিজ্ঞ নন, তাই বিষয়টি বুঝতে পারেননি। জাজ মাল্টিমিডিয়াও সম্ভবত তাদের বুঝিয়ে বলতে পারেনি।’ আবু হায়াত মাহমুদ জোর দিয়ে বলেন, সার্ভারের জটিলতার কারণেই সিনেমাটি সময়মতো প্রেক্ষাগৃহে পৌঁছায়নি। পরিচালকের ভাষ্য, ‘যারা পরিবেশক, অর্থাৎ জাজ মাল্টিমিডিয়া, তাদের সঙ্গে হল মালিকদের মধ্যে একটা সমন্বয়ের অভাব ছিল। আগে থেকে জানিয়ে দিলে যে সিনেমাটি আপলোড হতে একটু সময় লাগবে, তাহলে এই সমস্যা হতো না। এটা সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটি, অন্য কোনো বিষয় এখানে নেই।
’ আরও পড়ুন‘প্রিন্স’ সিনেমার টিজারে শাকিব খানের বুলেটের ঝলকানি১২ মার্চ ২০২৬ ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে ‘প্রিন্স’ সিনেমাটি মুক্তির কথা ছিল। তবে জটিলতার কারণে এখনো এটি সিনেপ্লেক্সে পৌঁছায়নি। পরিচালক আশা করছেন, দ্রুত এই সমস্যার সমাধান করে সিনেপ্লেক্সেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে। ‘প্রিন্স’ সিনেমাটি বর্তমানে ১৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ।।
ভোটে জয়ী রুদ্রনীলের ‘আবার হাওয়া বদল’: পরমব্রতের সঙ্গে জোট বাঁধার নেপথ্যের গল্প