Published : 03 Aug 2026, 11:16 AM
ফিফা বিশ্বকাপ সহ বড় টুর্নামেন্টের বাণিজ্যিক অধিকার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা নিয়ে চলমান বিতর্কের মাঝে ইউইএফএ (UEFA) এবার ফিফার পক্ষ থেকে কড়া আইনি সতর্কতা জারি করেছে। ইউরোপের ফুটবল সংস্থাটি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে এই সংক্রান্ত কোনো নথি বা ডিজিটাল তথ্য যেন কোনোভাবেই নষ্ট, মুছে ফেলা বা পরিবর্তন করা না হয়। দ্য টেলিগ্রাফের হাতে আসা চিঠিতে ইউইএফএ জানিয়েছে, তারা ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’ পরিকল্পনা নিয়ে আইনি পদক্ষেপ, সালিস অথবা নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ জানানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে। তারা জোর দিয়ে বলেছে, এই নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট কোনো নথি ধ্বংস বা গোপন করলে তা প্রমাণ নষ্ট করার শামিল হবে। সেক্ষেত্রে ইউইফার অধিকার থাকবে আইনি প্রক্রিয়ায় প্রতিকার, নিষেধাজ্ঞা এবং জড়িত পক্ষদের বিরুদ্ধে খরচ আরোপের আবেদন করার।
শুধু ইনফান্তিনো নন, ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার, মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রম এবং প্রধান পরিচালন কর্মকর্তা কেভিন লামোরসহ পরিকল্পনার সঙ্গে যুক্ত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছেও প্রাসঙ্গিক নথি সুরক্ষিত রাখার নির্দেশ দিয়েছে ইউইফা। এই একই ধরনের সতর্কতা সম্ভাব্য বিনিয়োগকারী গোষ্ঠী যেমন জশুয়া কুশনার, গ্রেগ ম্যাফেই, জেপি মরগান ও ওপেনইকোনমিকসের কাছেও পাঠানো হয়েছে, যেখানে জানানো হয়েছে যে সংস্থাটি আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। উল্লেখ্য, গত ২৮ জুলাই ফিফা ঘোষণা করেছিল যে বিশ্বকাপ আয়োজনের জন্য এফএফই নামে একটি স্বতন্ত্র কোম্পানি গঠন করে এর অংশ বেসরকারি মালিকানায় দেওয়া হবে। তবে এই সিদ্ধান্ত উত্তর-মধ্য আমেরিকার কনক্যাকাফ এবং এশিয়ার এএফসিও-র মতো সংস্থাগুলোর সমর্থন না পাওয়ায় তীব্র বিরোধিতা আসে। অন্যদিকে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম মনে করেন, এমন কোনো পরিকল্পনার পর ফুটবল সবকিছু ভুলে সামনে এগিয়ে যেতে পারে না।
তিনি বিশ্বাস করেন যে বিশ্ব ফুটবলের নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো সঠিক ব্যক্তি নন। এই বিতর্কিত পরিকল্পনা বাতিলের আগেই তিনি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছিলেন। ফিফা অবশ্য এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।।