Published : 25 Apr 2026, 09:07 AM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের পঞ্চম ধাপের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। ৩ মে থেকে এই ধাপের ভর্তি শুরু হয়েছে বলে গতকাল বৃহস্পতিবার চুয়েটের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত মেধাতালিকায় থাকা প্রার্থীদের সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে। এই ধাপে ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ৩৫০১ থেকে ৪০০০ মেধাক্রমের শিক্ষার্থীরা ডাকা হয়েছে। এছাড়া স্থাপত্য বিভাগে ১৩১ থেকে ১৩৫ মেধাক্রমের শিক্ষার্থীদের ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীরা তাদের লগইন করে আগে পূরণ করা অনলাইন চয়েজ ফরম এবং ড্যাশবোর্ডে দেওয়া অন্যান্য ফরম ডাউনলোড করে পূরণ করে ভর্তির সময় প্রিন্ট করে নিয়ে আসতে হবে।
যারা আগে ফরম পূরণ করেননি, তারা ভর্তির দিন পূরণের সুযোগ পাবেন। স্বাস্থ্য পরীক্ষার আগে নিরীক্ষা বোর্ড শিক্ষার্থীদের সনদপত্র যাচাই করবে। আরও পড়ুন: বিশ্ব বই দিবস ২০২৬: বিশ্বের ১০টি সবচেয়ে সুন্দর লাইব্রেরির ভেতরের গল্প বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১৮ হাজার ৫০০ টাকা সোনালী ব্যাংক, চুয়েট শাখায় বেলা ১টার মধ্যে জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হওয়ার পর একই দিনে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ফি জমা দেওয়া যেতে পারে। ভর্তির সময় মাধ্যমিক ও সমমানের পরীক্ষার মূল সনদ ও ট্রান্সক্রিপ্ট, উচ্চমাধ্যমিক বা সমমানের রেজিস্ট্রেশন কার্ড ও ট্রান্সক্রিপ্ট, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের প্রশংসাপত্র, সদ্য তোলা (৩ মাসের মধ্যে) দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি এবং হল পরিদর্শকের স্বাক্ষরযুক্ত প্রবেশপত্র জমা দিতে হবে। আরও পড়ুন: কানাডায় তরুণদের বেকারত্ব ১৪.১%, সংকটে দক্ষিণ এশীয় ও বাংলাদেশি শিক্ষার্থীরা স্বাস্থ্য পরীক্ষার সময় রক্তের গ্রুপ পরীক্ষার রিপোর্ট এবং চশমা ব্যবহারকারীদের জন্য চশমা সঙ্গে রাখতে বলা হয়েছে।
পঞ্চম ধাপের ভর্তির পর আসন সংখ্যা এবং নির্বাচিত প্রার্থীদের তালিকা ৫ মের মধ্যে প্রকাশ করা হবে। আসন খালি থাকলে ওরিয়েন্টেশন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে। কোনো আসন বাতিল হলে মেধাস্থান ও পছন্দক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন চলবে। এর আগে গত ২৩ জানুয়ারি মেধাতালিকা প্রকাশ করা হয় এবং ২৫ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ের ভর্তি শুরু হয়। গতকাল চতুর্থ পর্যায়ের ভর্তি শেষে ২৩টি আসন এখনও খালি রয়েছে।।