Published : 09 Jul 2026, 09:11 AM
ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিশ্বব্যাপী নিবিড় সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এক জোরালো আহ্বান জানিয়েছেন। একই সাথে, তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে জ্ঞান, উদ্ভাবন এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ উদ্যোগ, অর্থাৎ ‘জাতিসংঘ পুলিশ জ্ঞান ও উদ্ভাবন নেটওয়ার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের পুলিশ প্রধানদের পঞ্চম সম্মেলন ‘ইউএনকপস ২০২৬’-এ স্বরাষ্ট্রমন্ত্রী এই বার্তা দেন। এই সম্মেলনে তিনি পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। দুই দিনের এই গুরুত্বপূর্ণ সম্মেলনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর পুলিশ প্রধান ও নীতিনির্ধারকেরা বিশ্বশান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য তিনটি প্রধান আলোচনা সেশনে অংশ নেন।
আলোচনার বিষয়বস্তু ছিল—‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘পুলিশিংয়ে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’। সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং অপরাধী চক্রগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্কের কারণে প্রচলিত পুলিশিং পদ্ধতি আমূল পরিবর্তনের দাবি রাখে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অন্যতম প্রধান অবদানকারী দেশ। ভবিষ্যতের যেকোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকতে, বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটকে (এফপিইউ) আধুনিক ও উন্নত করার জন্য সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট, সাইবার ও সংগঠিত অপরাধ তদন্ত বিশেষজ্ঞ, ফরেনসিক বিশেষজ্ঞ, অভিবাসন পুলিশ এবং গোয়েন্দা-ভিত্তিক পুলিশিং ব্যবস্থার মতো বিশেষ দক্ষতা সম্পন্ন ইউনিটগুলোকে পুলিশ বাহিনীতে অন্তর্ভুক্ত করে তাদের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি করেছে।
এছাড়াও, জলবায়ু পরিবর্তনজনিত নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা ও প্রস্তুতি আরও জোরদার করার লক্ষ্যে বার্ষিক ‘পরিবেশ পুলিশিং সম্মেলন’ আয়োজনের প্রস্তাব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান যেন তারা এমন একটি জাতিসংঘ পুলিশ বাহিনী গড়ে তোলে, যা অভিযোজনক্ষম, উদ্ভাবনী এবং শান্তি ও মানবতার প্রতি দায়বদ্ধ হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দূরদর্শী প্রস্তাবনা বিশ্বনেতাদের মধ্যে ব্যাপক প্রশংসা ও সমাদর লাভ করেছে।।
নিরাপত্তা সংকট মোকাবিলায় বিশ্বজুড়ে সম্মিলিত পদক্ষেপের ডাক স্বরাষ্ট্রমন্ত্রীর