Published : 14 Mar 2026, 09:06 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেট দল নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। শোনা গিয়েছিল, বাজে পারফরম্যান্সের জন্য প্রত্যেক ক্রিকেটারকে ৫০ লাখ রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং অনেকেই তীব্র সমালোচনা করেন। তবে পিসিবি এখন বলছে ভিন্ন কথা। পিসিবি-র মুখপাত্র জানিয়েছেন, ক্রিকেটারদের জরিমানা করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বোর্ড খেলোয়াড়দের পারফরম্যান্সের উন্নতির জন্য নতুন কিছু পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানোর আগেই পাকিস্তান বাদ পড়ে গিয়েছিল।
দেশটির বেশ কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে। পিসিবি এখন বলছে, ভালো পারফরম্যান্সের জন্য যেমন পুরস্কার দেওয়া হয়, তেমনই খারাপ পারফরম্যান্সের জন্য খেলোয়াড়দের আরও বেশি দায়বদ্ধ করা প্রয়োজন। ১৫ ফেব্রুয়ারি ভারতের কাছে হারার পরপরই নাকি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল। খবরটি শুনে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটা খুবই সংকীর্ণ মানসিকতা। বোর্ডের কী হবে ৫০ লাখ রুপি দিয়ে! আমার মনে হয়, এটা জরিমানাই নয়।’ তবে আজ শনিবার পিসিবির মুখপাত্র আমির মীর এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি পিটিআইকে জানিয়েছেন, ‘কোনো খেলোয়াড়কে জরিমানা করা হয়নি।
তবে বোর্ড খেলোয়াড়দের জন্য একটি নতুন নীতি তৈরির কথা ভাবছে। ভালো পারফর্ম করলে যেমন উৎসাহ ভাতা দেওয়া হয়, তেমনই খারাপ পারফরম্যান্সের ক্ষেত্রেও একটি কাঠামো তৈরি করা হতে পারে। তবে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।’ এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পিসিবির চুক্তিবদ্ধ একজন ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড় মাসে ৪৫ লাখ রুপি বেতনের পাশাপাশি আইসিসির রাজস্বের অংশ হিসেবে ২০ লাখ ৭০ হাজার রুপি পান। ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়েরা মাসিক ৩০ লাখ রুপির সঙ্গে আইসিসির অংশ হিসেবে পান ১৫ লাখ ৫২ হাজার ৫০০ রুপি। ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য মাসিক বেতন ১০ লাখ ও আইসিসির অংশ ১০ লাখ ৩৫ হাজার এবং ‘ডি’ ক্যাটাগরির খেলোয়াড়দের জন্য মাসিক বেতন ৭ লাখ ৫০ হাজার ও আইসিসির অংশ ৫ লাখ ১৭ হাজার ৫০০ রুপি।।
হেডিংলি টেস্টে রুটদের সংগ্রাম, ইংল্যান্ডের বিশাল ব্যবধানে এগিয়ে ১৯৫ রানে