Published : 15 Mar 2026, 01:05 PM
দিনাজপুরের পার্বতীপুরে তোজাম্মেল হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর শ্বশুর ও শাশুড়িকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত শুক্রবার রাতে সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে। গতকাল শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, তোজাম্মেল হোসেনের লাশ ১২ মার্চ উপজেলার বৈরাগী শ্মশানঘাটের কাছে একটি আমগাছ থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা মনে করা হলেও, তদন্তে হত্যার প্রমাণ পাওয়া যায়। ঘটনার পর থেকে শ্বশুর-শাশুড়িসহ পরিবারের অন্য সদস্যরা পলাতক ছিলেন।
পুলিশের তদন্তে জানা যায়, প্রায় তিন বছর আগে তোজাম্মেল তাঁর প্রথম স্ত্রীকে তালাক দেন। এরপর দুই বছর আগে মনিরা খাতুনকে বিয়ে করেন। তোজাম্মেলের মা মনোয়ারা বেগম সোনালী ব্যাংক থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়ে পাঁচ বিঘা জমি বন্ধক রেখেছিলেন। সম্প্রতি সেই জমি ছাড়িয়ে নিয়ে তোজাম্মেল তাঁর ভাইকে পাঁচ লাখ টাকা দেন। এরপর তিনি শ্বশুর মোকছেদুল হক ও শাশুড়ি মর্জিনা বেগমের কাছে আরও পাঁচ লাখ টাকা দেন, পার্বতীপুরে জমি বন্ধক রাখার জন্য। কিন্তু সেই টাকা দিয়ে জমি বন্ধক না নেওয়ায় মনিরা ও তোজাম্মেলের মধ্যে ঝগড়া হয়।
মনিরা রাগ করে বাবার বাড়ি চলে যান। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১১ মার্চ সন্ধ্যায় তোজাম্মেলকে শ্বশুরবাড়িতে ডেকে আনা হয়। এরপর পূর্বপরিকল্পিতভাবে টাকা আত্মসাতের উদ্দেশ্যে ১২ মার্চ রাতে তাঁকে হত্যা করা হয় এবং ঘটনাটি আত্মহত্যা প্রমাণ করার জন্য আমগাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয়। পার্বতীপুর ভবানীপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা এখন স্ত্রীকে গ্রেপ্তারের জন্য মাঠে কাজ করছেন।।