Published : 17 May 2026, 01:55 AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ধর্ষণচেষ্টার শিকার হওয়ার পর অভিযুক্তের গ্রেপ্তার না হওয়াকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ছাত্র সংসদের নেতারা। তাঁরা অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন, অন্যথায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের বাসভবনের সামনে এক সাংবাদ সম্মেলনে জাকসুর নেতারা এই ঘোষণা দেন। একইসঙ্গে তাঁরা নিরাপদ ক্যাম্পাস এবং দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচটি সুনির্দিষ্ট দাবি জানান। দাবিগুলো হলো—রাষ্ট্রীয় পর্যায়ে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা, গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করা, তদন্তে গাফিলতি দেখা গেলে রেজিস্ট্রার, নিরাপত্তা দপ্তর ও প্রক্টরিয়াল বডির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করা ও দায় নির্ধারণ করা, ঘটনার পেছনের অপতৎপরতা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং নির্দিষ্ট সময়ের মধ্যে দাবিগুলো পূরণ করা।
জাকসুর সাধারণ সম্পাদক ও ছাত্রশিবির নেতা মাজহারুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তদন্তে নানা জটিলতা, সমন্বয়হীনতা ও বাধার সৃষ্টি হয়েছে, যা সুষ্ঠু তদন্ত প্রক্রিয়াকে ব্যাহত করেছে। এছাড়া, যাচাইবিহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি প্রচারের কারণে প্রকৃত অপরাধী শনাক্তকরণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ঘটনার দিন সামাজিক মাধ্যমে অভিযুক্তের এআই দিয়ে তৈরি করা ছবি ছড়িয়ে পড়ে, যা তদন্তকে জটিল করে তোলে। তিনি অবিলম্বে আসামিকে গ্রেপ্তারের দাবি জানান। সাংবাদ সম্মেলনের পর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জাকসুর নেতাদের সঙ্গে দেখা করেন।
এসময় জাকসুর নেতারা উপাচার্যের কাছে ঘটনার জবাবদিহি চান। উপাচার্য তাঁদের জানান, তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন।।
অস্ত্রোপচার ছাড়াই পাঁচ সন্তানের জন্ম, এক জীবিত শিশুর জীবন আশার আলো