Published : 08 May 2026, 11:07 PM
বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন, মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার আজও না হওয়ায় দেশের বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, “তেরো বছর পেরিয়ে গেলেও ত্বকী হত্যার রায় না হওয়া আমাদের বিচার প্রক্রিয়ার দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বিচার শুধু ত্বকীর পরিবারের জন্য নয়, বরং সমাজের কলুষতা দূর করার জন্য অপরিহার্য।” শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ কলেজ শহীদ মিনারে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫৮ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে সৈয়দ আনোয়ার হোসেন এসব কথা বলেন। সৈয়দ আনোয়ার হোসেন আরও বলেন, “ইতিমধ্যে দুটি সরকার পরিবর্তিত হয়েছে। আমরা বর্তমান সরকারের কাছেও দ্রুত ত্বকী হত্যার বিচার চাই।
” অনুষ্ঠানে ত্বকীর বাবা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, “একুশে ফেব্রুয়ারির সেই আকাঙ্ক্ষা, যে কারণে তেইশ বছর আগে ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল, আজও পূরণ হয়নি। বৈষম্য আরও বেড়েছে, বিচারব্যবস্থা পুরোপুরি স্বাধীন হতে পারেনি। পরিবর্তনের স্বপ্ন যেন ব্যর্থ না হয়।” রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, ত্বকীর হত্যাকারীরা এখন বিদেশে রাজকীয় জীবনযাপন করছে। শেখ হাসিনার শাসনামলে যেমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল, তেমনটা না হলেও, ত্বকী হত্যার বিচার পাওয়ার ব্যাপারে এখনো অনিশ্চয়তা রয়েছে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রাক্তন সভাপতি ভবানী শংকর রায়, জিয়াউল ইসলাম, প্রদীপ ঘোষ, সাধারণ সম্পাদক ধীমান সাহা, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকী শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।
দুদিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত (ভ্রমর) এবং ২৪ নভেম্বর কাজল হাওলাদার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, আজমেরী ওসমানের নির্দেশে ত্বকীকে অপহরণ করে হত্যা করা হয়। ২০১৪ সালের ৫ মার্চ র্যাব সংবাদ সম্মেলনে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদের টর্চার সেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে এবং শীঘ্রই অভিযোগপত্র আদালতে পেশ করা হবে। কিন্তু আজও সেই অভিযোগপত্র পেশ করা হয়নি।।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দিগন্ত: ক্রীড়া ও সংস্কৃতি বিভাগ চালু, জানালেন শামা ওবায়দুল