Published : 09 Apr 2026, 05:08 AM
গত মৌসুমের প্রতিচ্ছবি যেন আবারও দেখা গেল। স্বভূমে লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন পিএসজি। পার্ক দে প্রিন্সেসে ২-০ গোলের জয় পায় তারা। খিচা কাভারাস্কেইয়ার দৃষ্টিনন্দন গোল এবং দেজিরে দুয়ের নিঁখুত ফিনিশিংয়ে সেমিফাইনালে একধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। কেন তাঁকে ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হয়, সেই প্রশ্নের উত্তর যেন মাঠেই দিলেন কাভারাস্কেইয়া। ম্যাচ শেষে তিনি বললেন, ‘আরও গোল করার সুযোগ ছিল, তবে ২-০ ব্যবধানও খারাপ নয়। এখন আমাদের মনোযোগ ফিরতি লেগের দিকে।’ ম্যাচের শুরু থেকেই পিএসজির আধিপত্য ছিল স্পষ্ট। খেলার ১১ মিনিটেই লুইস এনরিকের দল এগিয়ে যায়।
উসমানে দেম্বেলের সহায়তায় তরুণ তুর্কি দুয়ের শট ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। ব্যালন ডি’অর জয়ী দেম্বেলে নিজে আরও অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করলে লিভারপুলের হারের ব্যবধান আরও বাড়তে পারত। এমনকি দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটেও তিনি গোলরক্ষককে একা পেয়েও বল গোলপোস্টের উপর দিয়ে উড়িয়ে মারেন। পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন কাভারাস্কেইয়া। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে তিনি মাঠের বাঁ প্রান্ত থেকে একক নৈপুণ্যে বল নিয়ে বক্সে প্রবেশ করেন। জাদুকরী পায়ের কারুকাজে ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান এই জর্জিয়ান তারকা। চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে এটি তাঁর অষ্টম গোল। লিভারপুল গোলরক্ষক গিওর্গি মামারদাশভিলি অবশ্য বেশ কিছু দুর্দান্ত সেভ করে ব্যবধান কমাতে সক্ষম হন। বিশেষ করে প্রথমার্ধের শেষ দিকে দুয়ের জোরালো শট তিনি দারুণভাবে রুখে দেন।
অন্যদিকে, ম্যানচেস্টার সিটির কাছে এফএ কাপে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর এই ম্যাচে রক্ষণে কিছুটা শৃঙ্খলা ফিরিয়েছিলেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তবে আক্রমণভাগে কোচ আর্নে স্লটের পরীক্ষা-নিরীক্ষা খুব একটা কাজে আসেনি। পুরো ম্যাচ মোহাম্মদ সালাহকে বেঞ্চে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে। লিভারপুলের হয়ে শেষ মৌসুম কাটানো সালাহ সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে নেই। রেকর্ড ১২৫ মিলিয়ন পাউন্ডে কেনা স্ট্রাইকার আলেকজান্ডার ইসাক চোট কাটিয়ে ৭৮ মিনিটে মাঠে নামলেও দলের ভাগ্য বদলাতে পারেননি। আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে অনুষ্ঠিত হবে ফিরতি লেগ। ২০১৯ সালের সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকেও ৪-০ ব্যবধানে জয়ী হয়ে ফাইনাল খেলেছিল অলরেডরা। পিএসজির বিপক্ষে সেমিফাইনালে উঠতে লিভারপুলকে লিখতে হবে তেমনই এক জাদুকরী প্রত্যাবর্তনের গল্প। ।