Published : 19 Mar 2026, 05:07 AM
লিভারপুল ৪-০ গালাতাসারাই। পেনাল্টি শটে তেমন জোর ছিল না, গোলকিপার গুরকান চাকিরও ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন। মোহাম্মদ সালাহ যেন মুচকি হেসে বললেন, ভাগ্যিস! তবে লিভারপুলের জন্য পরিস্থিতি খারাপ ছিল না। প্রথম লেগের গোলে সমতা থাকায়, এই ম্যাচেও একটা গোল দরকার ছিল। প্রথমার্ধের শেষ মুহূর্তে সালাহ পেনাল্টি থেকে গোল করতে পারলে লিভারপুল এগিয়ে যেতে পারত। তবে পেনাল্টি মিসের পরেও ক্ষতি হয়নি। অ্যানফিল্ডে ৪-০ গোলের বিশাল জয়ে লিভারপুল শেষ ষোলোর বাঁধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে। প্রতিপক্ষের মাঠে প্রথম লেগ ১-০ গোলে জেতায়, দুই লেগ মিলিয়ে লিভারপুলের স্কোর ৪-১। আর্নে স্লটের দল এখন কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি’র।
এই ম্যাচে সালাহের জন্য স্বস্তির খবর, পেনাল্টি মিসের দুঃখ ভুলিয়ে ৬২ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁকানো শটে গোল করেন তিনি। চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর ৫০তম গোল, প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে তিনি এই মাইলফলক স্পর্শ করলেন। ২৫ মিনিটে দমিনিক সোবোসলাইয়ের গোলে লিভারপুল এগিয়ে যায়। ডান দিক থেকে অ্যালেক্সিস-ম্যাক অ্যালিস্টারের ক্রস থেকে সোবোসলাই দারুণ ফিনিশ করেন। বিরতির পর ৫১ থেকে ৫৩ মিনিটের মধ্যে দুই গোল করে লিভারপুল গালাতাসারাইয়ের বিদায় নিশ্চিত করে দেয়। ৫১ মিনিটে হুগো একিতিকের গোলের পরপরই রায়ান গ্রাভেনবার্চ স্কোরলাইন ৩-০ করেন।লিভারপুল আরও গোল করার সুযোগ পেয়েছিল, তবে সোবোসলাই ও সালাহ সুযোগ কাজে লাগাতে পারেননি। শেষ মুহূর্তে ভিএআর-এর কারণে একটি গোল বাতিল হয়ে যায়। গালাতাসারাইয়ের গোলকিপার চাকির অন্তত ১০টি দারুণ সেভ করেন, একটি শট পোস্টে লেগেও যায়।
‘প্রথম’ ইংলিশ হ্যারি কেইন, রিয়ালকে পেল বায়ার্নপ্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় শেষ ষোলোর ফিরতি লেগে আতালান্তার বিপক্ষে জোড়া গোল করেন তিনি। বায়ার্ন ৪-১ গোলের ব্যবধানে জয় পায়। প্রথম লেগে তারা ৬-১ গোলে জিতেছিল। দুই লেগ মিলিয়ে ১০-২ গোলের বিশাল জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বুন্দেসলিগার দলটি। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। বিস্তারিত আসছে...।