Published : 25 Aug 2026, 11:16 AM
মহাবিশ্বের বিশালতা মানব মনের কল্পনার ঊর্ধ্বে। এই অসীম শূন্যতার মাঝে লুকিয়ে আছে এমন কিছু মহাজাগতিক দানবীয় ছায়াপথ, যাদের আকার দেখলে চোখ ধাঁধিয়ে যায়। সম্প্রতি স্পেনের ক্যানারিয়ার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোফিজিকসের বিজ্ঞানীরা এক যুগান্তকারী আবিষ্কার করেছেন। কার্লোস মারেরো দে লা রোসার নেতৃত্বে পরিচালিত গবেষণায় দেখা গেছে, মহাবিশ্বের বৃহত্তম গ্যালাক্সিগুলির মধ্যে অন্যতম 'আইসি ১১০১'-এর আকার আমাদের পরিচিত মিল্কিওয়ে গ্যালাক্সির চেয়ে প্রায় বিশ গুণ বেশি। এই সুবিশাল গ্যালাক্সিটি প্রায় ১৭ লক্ষ আলোকবর্ষ বা ৫২০ কিলোপরসেকজুড়ে বিস্তৃত।
আইসি ১১০১ গ্যালাক্সিটি অ্যাবেল ২০২৯ নামক একটি বিশাল গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে অবস্থান করছে, যেখানে কোটি কোটি তারার আলো একাকার হয়ে মিশে আছে। তবে এর প্রকৃত সীমা বা প্রান্ত নির্ধারণ করা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। গ্যালাক্সির বাইরের সীমানার আলো ক্লাস্টারের অন্যান্য আলোর সঙ্গে মিশে থাকায় বিজ্ঞানীরা জটিল পদ্ধতির আশ্রয় নেন। স্পেনের রকি দে লস মুচাচোস অবজারভেটরির আইজ্যাক নিউটন টেলিস্কোপ ব্যবহার করে তারা আলোর ঘনত্ব ও তারার রঙের সূক্ষ্ম পরিবর্তন পর্যবেক্ষণ করে এই সীমানা চিহ্নিত করতে সক্ষম হন। আরও চমকপ্রদ তথ্য হলো, এই দানবীয় গ্যালাক্সিটি স্থির নয়; এর বহির্ভাগে নতুন উপাদান এবং ছোট গ্যালাক্সির অবশিষ্টাংশ ক্রমাগত যুক্ত হওয়ার প্রক্রিয়া চলছে।
অতীতে ছোট গ্যালাক্সি ক্লাস্টারের সঙ্গে একীভূত হওয়ার কারণেই এটি এমন অসামান্য আকার অর্জন করেছে। বিজ্ঞানী কার্লোস মারেরো দে লা রোসা নিশ্চিত করেছেন যে, আইসি ১১০১ গ্যালাক্সিটি বর্তমান মহাবিশ্বের গ্যালাক্সিগুলোর সর্বোচ্চ আকারের একটি শক্তিশালী প্রমাণ। ভবিষ্যতে আরও অনেক ছায়াপথ এই স্তরে পৌঁছাতে পারে বলে বিজ্ঞানীরা মনে করছেন। এই ধরনের মহাজাগতিক বিস্ময়কর সত্তার ইতিহাস ও বিবর্তন নিয়ে বিজ্ঞানীরা এখন গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।।
দীর্ঘক্ষণ টিভি দেখা কি কেড়ে নিচ্ছে মস্তিষ্কের ক্ষমতা? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য