Published : 09 Jul 2026, 04:33 AM
কিছু ভবিষ্যদ্বাণী, কিছু গাণিতিক হিসাব—বিশ্বকাপ শুরুর আগেই এই গণনাগুলো সম্পন্ন হয়েছে। ৪৮ দলের এই টুর্নামেন্ট ৩২ দলের মধ্যে এসে পৌঁছেছে। শেষ বত্রিশের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পাশাপাশি পরবর্তী ধাপগুলোতে কোন দল কোন দলের মুখোমুখি হতে পারে, তা এখন অনেক স্পষ্ট। ফলে বর্তমানের হিসাব-নিকাশ আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। যেমন, নকআউটের প্রথম ম্যাচের ফলাফল অনুমান করা ঠিকঠাক মিলে গেছে। ক্রীড়া পরিসংখ্যান সংস্থা ‘অপটা অ্যানালিস্টের’ সুপারকম্পিউটার রাউন্ড অব থার্টি টুর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডার জয়ের পূর্বাভাস দিয়েছিল, যা বাস্তবেও প্রমাণিত হয়েছে। এবার জেনে নিন অপটার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা কোন দুই দলের বেশি। সুপারকম্পিউটারের মতে, শেষ বত্রিশ থেকে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি ফ্রান্সের—৮১.৫ শতাংশ।
অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পের কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে ওঠার সম্ভাবনা যথাক্রমে ৫৮.৩%, ৪২.৭% এবং ৩০%। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র ১৮.৭ শতাংশ, যা সকল দলের মধ্যে সর্বোচ্চ। যদিও ফ্রান্স শিরোপা জয়ের ক্ষেত্রে এগিয়ে, নকআউটের অন্যান্য ধাপ পার করার ক্ষেত্রে লিওনেল মেসির আর্জেন্টিনা এগিয়ে। রাউন্ড অব থার্টি টুতে কেপ ভার্দেকে পাওয়া আর্জেন্টিনা শেষ ষোলোর পথে সবচেয়ে বেশি সুরক্ষিত—জেতার সম্ভাবনা ৮৯.২ শতাংশ। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনাল (৭০.৫%), সেমিফাইনাল (৪৯.৬%) এবং ফাইনালে (৩০%) ওঠার সম্ভাবনার দিক থেকেও বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই এগিয়ে। অর্থাৎ, সুপারকম্পিউটার ইঙ্গিত দিচ্ছে, ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার পাল্লা ফ্রান্সের চেয়েও ভারী, যদিও ট্রফি জেতার চূড়ান্ত মুহূর্তে ফরাসিরাই সামান্য এগিয়ে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্পেন, যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। হ্যারি কেইনদের ইংল্যান্ড ৯.৭ শতাংশ সম্ভাবনা নিয়ে চতুর্থ স্থানে, এবং নেইমার-ভিনিসিয়ুসদের ব্রাজিলের শিরোপা জয়ের সম্ভাবনা ৬.৫ শতাংশ।
এছাড়াও, অপটার পূর্বাভাস অনুযায়ী নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ৪.৭ শতাংশ এবং জার্মানির ৪.৪ শতাংশ। এছাড়াও, কলম্বিয়া (৩.২%), নরওয়ে (৩%), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫%) ও সুইজারল্যান্ড (২.২%) যেকোনো মুহূর্তে সমীকরণ বদলে দিতে পারে। তিন স্বাগতিক দেশের মধ্যে মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ১.৮ শতাংশ। গত আসরের চমক মরক্কো এবং সোনালি প্রজন্মের বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ। এশিয়ান পরাশক্তি জাপান ছাড়া অন্য কোনো দেশের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ। তবে মনে রাখতে হবে, অপটার এই পূর্বাভাস কেবলই গাণিতিক ও পরিসংখ্যানগত হিসাব। ফুটবল মাঠে ৯০ মিনিটে অনেক কিছুই ঘটতে পারে।।
আর্জেন্টিনা ম্যাচে রেফারিং নিয়ে ক্ষুব্ধ মিসর, দাবি – নীরব থাকবে না