Published : 24 May 2026, 06:05 PM
বিশ্বকাপের দামামা বাজতে আর ১৯ দিন বাকি। আর্জেন্টিনার শিবিরে সামান্য দুশ্চিন্তা দেখা দিয়েছে তাদের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে। আঙুলে আঘাত পাওয়ার কারণে আসন্ন বিশ্বকাপে প্রথম ম্যাচটিতে তার খেলা হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। অ্যাস্টন ভিলা গত বুধবার রাতে ইউরোপা লিগের ফাইনালে ৩-০ গোলে ফ্রাইবুর্গকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে এই ম্যাচে খেলতে নামার আগে থেকেই মার্তিনেজের আঙুলে চোট ছিল। ফাইনালের আগে অনুশীলনের সময় ডান হাতের অনামিকায় আঘাত পান তিনি। সামান্য মচকানোর কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। আর্জেন্টিনা দল আশা করছে, বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই মার্তিনেজ সুস্থ হয়ে উঠবেন। তবে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, মার্তিনেজের সম্পূর্ণ সুস্থ হতে কমপক্ষে ২০ দিন সময় লাগতে পারে।
অন্যদিকে, আর্জেন্টিনার প্রথম ম্যাচটি ১৬ জুন কানশাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত হবে, যেখানে লিওনেল স্কালোনির দল শিরোপা ধরে রাখার যাত্রা শুরু করবে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। টিওয়াইসি স্পোর্টস জানাচ্ছে, এই ম্যাচের আগে মার্তিনেজের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা প্রবল। তবে সবকিছু এখনো নিশ্চিত নয়। অর্থাৎ, তিনি সুস্থ হয়ে উঠতে পারেন, আবার নাও পারেন। যদি তিনি সেরে না ওঠেন, তবে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাকে হয়তো মাঠে দেখা যাবে না। এর আগে, আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচে মার্তিনেজকে বিশ্রাম দেওয়া হয়েছে। ৬ জুন টেক্সাসে হন্ডুরাসের বিপক্ষে এবং ৯ জুন আলাবামায় আইসল্যান্ডের বিপক্ষে খেলবে স্কালোনির দল। মার্তিনেজের অবদান আর্জেন্টিনার শেষ বিশ্বকাপ জয় স্মরণীয় করে রেখেছে।
তিনি ‘গোল্ডেন গ্লাভস’ জিতে ফাইনালে ফ্রান্সের কোলো মুয়ানির শট বাঁচিয়ে নিশ্চিত গোল থেকে দলকে রক্ষা করেন। এছাড়াও, টাইব্রেকারে কিংসলে কোমানের শটও আটকে দেন। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলেছেন মার্তিনেজ এবং প্রতিবারই জয়ী হয়েছেন। বোঝাই যাচ্ছে, এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য তিনি কতটা গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, মার্তিনেজকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না স্কালোনি। তাই প্রস্তুতি ম্যাচে রিভার প্লেটের গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন।।
কিংবদন্তিদের চোখে বিশ্বকাপ: কোন দল হবে সেরা? ফরাসি-স্পেন, আর্জেন্টিনার নাম বললেন কারা!