Published : 13 Mar 2026, 09:06 PM
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফাইনালিসিমা ম্যাচটি নিয়ে নতুন জটিলতা সৃষ্টি হয়েছে। লিওনেল মেসি এবং লামিনে ইয়ামালের মতো তারকারা খেলবেন এই ম্যাচে, তাই ফুটবল বিশ্ব তাকিয়ে আছে এই লড়াইয়ের দিকে। তবে কোথায় হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে কাতার থেকে ম্যাচটি সরিয়ে নেওয়া নিশ্চিত। কিন্তু নতুন ভেন্যু কোথায় হবে, তা নিয়ে উয়েফা এবং কনমেবলের মধ্যে চলছে আলোচনা। ইউরোপের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে হতে পারে এই ফাইনাল। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এই খবরকে উড়িয়ে দিয়েছে।
তাদের মতে, ভেন্যু নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর্জেন্টিনার একটি সূত্র জানিয়েছে, কনমেবল স্পেনের মাটিতে খেলতে নারাজ। তাদের যুক্তি, স্পেনে খেললে আর্জেন্টিনাকে যেন ‘অতিথি দল’ হিসেবে খেলতে হবে, যা তারা মেনে নিতে রাজি নয়। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেছেন, ‘স্পেন তাদের দেশে ফাইনাল আয়োজনের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি চাই বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে এই ম্যাচটি হোক।’ বর্তমানে তিনটি বিকল্প নিয়ে আলোচনা চলছে। প্রথমত, কনমেবল যদি রাজি হয়, তাহলে স্পেনে ম্যাচটি হতে পারে। তবে এই সম্ভাবনা ক্ষীণ।
দ্বিতীয়ত, ইউরোপের কোনো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচটি আয়োজন করা। লিসবন, লন্ডন ও রোমের মতো শহরগুলোর বড় স্টেডিয়ামগুলো এই মুহূর্তে খালি থাকায়, সেখানে ম্যাচটি আয়োজনের সুযোগ রয়েছে। তৃতীয়ত, ম্যাচটি আবারও পিছিয়ে দেওয়া। কিন্তু উয়েফা এবং কনমেবল কেউই এই মুহূর্তে নতুন তারিখ নির্ধারণ করতে আগ্রহী নয়। উল্লেখ্য, প্রথমে ম্যাচটি ২০২৫ সালে হওয়ার কথা ছিল, কিন্তু সূচির ব্যস্ততার কারণে এটি ২০২৬-এ নিয়ে যাওয়া হয়েছে। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লোজান নিশ্চিত করেছেন যে কাতারে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে না।।
কিংবদন্তিদের চোখে বিশ্বকাপ: কোন দল হবে সেরা? ফরাসি-স্পেন, আর্জেন্টিনার নাম বললেন কারা!