Published : 05 Jan 2026, 10:04 PM
সোমবার নিউইয়র্কের একটি আদালতে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিয়ে আসা হয়। ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ফেডারেল আদালতে নিয়ে যাওয়া হয়, যেখানে দুপুর ১২টায় প্রাথমিক শুনানি শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো একটি আন্তর্জাতিক কোকেন চোরাচালান নেটওয়ার্ক পরিচালনা করতেন। এই নেটওয়ার্ক মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ‘ফার্ক’ বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র ‘ট্রেন ডি আরাগুয়া’র মতো সহিংস সংগঠনের সঙ্গে যুক্ত ছিল।
৬৩ বছর বয়সী মাদুরো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তাঁর ভাষ্য, ভেনেজুয়েলার তেল সম্পদ দখলের উদ্দেশ্যে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তিগুলো মিথ্যা অভিযোগ সাজিয়েছে। ১৯৮৯ সালের পানামা আক্রমণের পর লাতিন আমেরিকায় এটি বৃহত্তম মার্কিন হস্তক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। গত শনিবার মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা কারাকাসে মাদুরোর নিরাপত্তা ভেদ করে সরাসরি তাঁর ‘সেফ রুম’ থেকে তাঁকে আটক করে।
এদিকে, মাদুরোকে আটকের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভূতপূর্ব অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, ভেনেজুয়েলায় মাদুরোর পরিবর্তে দায়িত্ব গ্রহণ করা অন্তর্বর্তীকালীন নেতা বর্তমান পরিস্থিতিতে কিছুটা নমনীয় মনোভাব দেখাচ্ছেন।।