Published : 16 Mar 2026, 01:07 AM
কোরীয় সেনসেশন ব্ল্যাকপিংকের সদস্য জিসু আবারও আলোচনার কেন্দ্রবিন্দু। তবে এবার গান নয়, অভিনয়ের কারণে। সম্প্রতি মুক্তি পাওয়া তাঁর নতুন সিরিজ ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’ নিয়ে চলছে নানা আলোচনা। কেউ তাঁর অভিনয় নিয়ে প্রশ্ন তুলছেন, আবার কেউ মুগ্ধ হচ্ছেন ব্যতিক্রমী গল্প ও চরিত্রায়নে। সিরিজটি মুক্তি পায় ৬ মার্চ ২০২৬। জিসু এখানে একজন ওয়েবটুন প্রযোজকের ভূমিকায়, যিনি বাস্তব জীবনের চাপ থেকে মুক্তি পেতে একটি ভার্চুয়াল ডেটিং সিমুলেশন সার্ভিসের সাহায্য নেন। এই সার্ভিসের মাধ্যমে ব্যবহারকারীরা কল্পিত প্রেমের অভিজ্ঞতা লাভ করতে পারেন। এটি জিসুর প্রথম একক প্রধান চরিত্রে অভিনয় করা সিরিজ। এর আগে তিনি ‘স্নোড্রপ’ (২০২১) ও ‘নিউটপিয়া’য় পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও ‘ওমনিসিন্ট রিডার: দ্য প্রফেসি’ সিনেমাতেও দেখা গেছে তাঁকে।
অভিনয় নিয়ে জিসুকে প্রায়ই সমালোচনার সম্মুখীন হতে হয়। আগের ধারাবাহিকগুলোতে তাঁর উচ্চারণ, কণ্ঠস্বর এবং অভিব্যক্তি নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। তবে এই সিরিজে তিনি আগের চেয়ে অনেক বেশি চেষ্টা করেছেন, যা স্পষ্টতই চোখে পড়ে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, শুধুমাত্র তারকাখ্যাতির কারণে নাকি তাঁকে নেওয়া হয়েছে। পরিচালক কিম জং-সিক বলেছেন, ‘জিসু এই চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেছেন।’ জিসু নিজেও বলেছেন, ‘আমি চাই দর্শকেরা চরিত্রটি যেন আমার সঙ্গে মানানসই মনে করেন। আশা করি, তাঁরা দেখবেন আমি চরিত্রটির সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছি।’তবে সব সমালোচনা থেমে যায়নি। বিশেষ করে, আবেগপূর্ণ দৃশ্যগুলোতে তাঁর কণ্ঠের কম্পন বা উচ্চারণ নিয়ে এখনো কিছু দর্শকের মনে দ্বিধা রয়েছে। তবে আগের ধারাবাহিকগুলোর তুলনায় এইবারের প্রতিক্রিয়া অনেকটাই সহনশীল।
আরও পড়ুনঅ্যালবাম নিয়ে ব্ল্যাকপিংকের ফেরা১৯ জানুয়ারি ২০২৬ এই সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভার্চুয়াল প্রেমিকের জগৎ। এখানে প্রায় ৯০১টি চরিত্র রয়েছে, যাদের বিভিন্ন পরিচিত অভিনেতা-অভিনেত্রী দ্বারা প্রাণ দেওয়া হয়েছে। সিও ইন-গুক তাঁদের মধ্যে অন্যতম। তাঁরা গোয়েন্দা, ডাক্তার, বিচারক এমনকি রহস্যময় গুপ্তঘাতকের মতো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। দর্শকরা খুব দ্রুতই এই সিরিজের ভৌতিক কল্পনার জগতে নিজেদের খুঁজে পেয়েছেন। এর ফলস্বরূপ, মুক্তির মাত্র একদিনের মধ্যেই ‘বয়ফ্রেন্ড অন ডিমান্ড’ নেটফ্লিক্সের গ্লোবাল টিভি শো চার্টে সপ্তম স্থানে উঠে আসে। দুই দিন পর, ৮ মার্চ এটি পঞ্চম স্থানে পৌঁছে যায়। এ পর্যন্ত এটি এশিয়া, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ৬৯টি দেশে শীর্ষ দশে প্রবেশ করেছে।কোরিয়া টাইমস অবলম্বনে।
কিয়ারার বিতর্কিত দৃশ্যের কড়া সমালোচনার মুখে হুমা, দিলেন শক্তিশালী জবাব