Published : 25 May 2026, 03:16 AM
রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন প্রয়োগ শুরু হওয়ার পর নতুন এক ধরণের প্রতারণার কৌশল ধরা পড়েছে। প্রতারকরা এআই ক্যামেরায় মামলা হয়েছে এমন মিথ্যা মেসেজ পাঠিয়ে জরিমানার টাকা পরিশোধ করতে বলছে। ইতোমধ্যে অনেকে এই ধরণের প্রতারণামূলক বার্তা পেয়েছেন। তবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) স্পষ্টভাবে জানিয়েছে, তারা এ ধরণের কোনো বার্তা পাঠাচ্ছে না এবং জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ‘জরিমানা পরিশোধ – চূড়ান্ত নোটিশ’ শিরোনামে পাঠানো এই ভুয়া মেসেজে জরিমানার নম্বর, তারিখ, অপরাধের বিবরণ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে শাস্তির হুমকি দেওয়া হচ্ছে। এছাড়াও, একটি লিংকের মাধ্যমে জরিমানার পরিমাণ দেখার সুযোগ করে দেওয়া হয়েছে। ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বলছেন, এই লিংকে প্রবেশ করলে ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই তারা জনসাধারণকে এই ধরণের লিংকে ক্লিক না করার অনুরোধ করেছেন। ডিএমপির ট্রাফিক বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট শারমিন আফরোজ জানান, তারা এই বিষয়ে বেশ কিছু অভিযোগ পেয়েছেন। তিনি বলেন, “আমরা সবাইকে সতর্ক করছি। ডিএমপি এখনো পর্যন্ত মোবাইল ফোনে মামলার তথ্য পাঠাচ্ছে না। মামলার কাগজপত্র ডাকযোগে পাঠানো হচ্ছে।” শারমিন আফরোজ আরও বলেন, “এই ভুয়া মেসেজের লিংকে ক্লিক করা তথ্য হাতিয়ে নেওয়ার একটি কৌশল হতে পারে। আমরা বিষয়টি তদন্ত করছি এবং কেউ এই ধরণের বার্তা পেলে আমাদের জানাতে অনুরোধ করছি।
” মে মাসের ৭ তারিখ থেকে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এই ক্যামেরায় যুক্ত করা হয়েছে বিশেষ সফটওয়্যার, যা সড়ক পরিবহন আইন লঙ্ঘন শনাক্ত করতে সক্ষম। আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়লে ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ি শনাক্ত করে এবং গাড়ির মালিকের নামে ডিজিটাল মামলা তৈরি করে। তবে বর্তমানে, এই মামলাগুলোর তথ্য ম্যানুয়ালি যাচাই করে ডাকযোগে পাঠানো হচ্ছে।।