Published : 25 May 2026, 01:30 AM
বাংলাদেশকে অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নে ১৪০ কোটি মার্কিন ডলারের (প্রায় ১৭ হাজার কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে সরকার ও এডিবির মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জিয়ং নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং উপস্থিত ছিলেন এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা। অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
এই চুক্তির অধীনে এডিবি চারটি প্রধান প্রকল্পে অর্থায়ন করবে। প্রকল্পগুলো হলো— ‘অর্থনৈতিক ব্যবস্থাপনা ও শাসন ব্যবস্থা শক্তিশালীকরণ কর্মসূচি’ (সাবপ্রোগ্রাম ২), ‘সামাজিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি কর্মসূচি’ (সাবপ্রোগ্রাম ২), ‘সাসেক ঢাকা-সিলেট করিডোর সড়ক প্রকল্প’ এবং ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’। অনুষ্ঠানে মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় এডিবির এই দ্রুত সহায়তা দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এডিবির এই তাৎক্ষণিক সহযোগিতার প্রশংসা করেন। মন্ত্রী আরও জানান, আগামীকাল এডিবির প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ‘দেশব্যাপী সমন্বিত উন্নয়ন প্রকল্প’ নামে একটি বৃহৎ কর্মসূচির ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।
এই দীর্ঘমেয়াদী কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী ওয়াদার সাথে সঙ্গতিপূর্ণ এবং দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। বাংলাদেশ সরকার এবং এডিবির মধ্যেকার এই দীর্ঘস্থায়ী অংশীদারত্ব দেশের টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা যায়।।
ঋণভারে জর্জরিত রিংশাইন টেক্সটাইলস, নতুন পথে ঋণ পরিশোধের কৌশল