Published : 24 May 2026, 03:28 PM
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল আরাবিয়ার খবর, পাকিস্তান ইসলামাবাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির চূড়ান্ত রূপরেখা কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ করা হতে পারে। শুক্রবার (২২ মে) সংবাদমাধ্যমটি দাবি করেছে, তারা খসড়া চুক্তির মূল শর্তাবলী হাতে পেয়েছে। এই চুক্তির গুরুত্বপূর্ণ শর্তগুলো হলো: • স্থল, জল ও আকাশপথে সম্পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করা। • সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা থেকে বিরত থাকার পারস্পরিক অঙ্গীকার। • সকল প্রকার সামরিক অভিযান ও প্রচারণার যুদ্ধ বন্ধ করা। • একে অপরের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি। • আরব উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা।
• চুক্তি বাস্তবায়নের তদারকি ও বিরোধ নিষ্পত্তির জন্য যৌথ উদ্যোগ গ্রহণ। • অমীমাংসিত বিষয়গুলো নিয়ে পরবর্তী সাত দিনের মধ্যে আলোচনা শুরু করা। • ইরানের প্রতিশ্রুতির বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে প্রত্যাহার করা। • আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদের প্রতি সম্মান জানানো এবং তা মেনে চলা। • আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথেই চুক্তিটি কার্যকর হবে। এর আগে, বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের জানান, আলোচনায় 'কিছু ইতিবাচক অগ্রগতি' দেখা যাচ্ছে। তবে, তেহরান যদি হরমুজ প্রণালীতে কোনো প্রকার শুল্ক আরোপ করে, তাহলে কোনো সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
রুবিও বলেন, 'কিছু ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে আমি এখনই খুব বেশি আশাবাদী হতে চাই না। দেখা যাক, আগামী কয়েক দিনে কী ঘটে।' অন্যদিকে, বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক উচ্চপদস্থ সূত্র জানায়, দুই পক্ষের মধ্যেকার মতপার্থক্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালী এখনও প্রধান অমীমাংসিত বিষয় হিসেবে রয়ে গেছে।।
পাক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: কয়েক ঘণ্টার মধ্যে সুখবর?