Published : 24 May 2026, 12:27 PM
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২৮৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের ঠিক আগে, তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাঁর ভাষ্য, ‘নতুন মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তাতে আমি সন্তুষ্ট। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি বিশ্বাস করি, ফলতা শীঘ্রই একটি সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হবে।’ এদিন ফলতায় বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৮৩ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। এর আগে, ২৯ এপ্রিল সুন্দরবন অঞ্চলের এই আসনে ব্যাপক সহিংসতার কারণে নির্বাচন কমিশন ভোট বাতিল করে দেয়। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ফলতা বাদে বাকি ২৯৩টির ফল ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচনে প্রচারে নেমে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধেও সমালোচনা করেন। এই মন্তব্যের অভিযোগে রাজীব সরকার নামের এক ব্যক্তি অভিষেকের বিরুদ্ধে কলকাতার বিধান নগর থানায় একটি এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়ের করেন। অভিষেক কলকাতা হাইকোর্টে এই এফআইআর খারিজের আবেদন জানান। ১৮ মে এই বিষয়ে শুনানি হয়। তৃণমূলের হয়ে মামলাটি লড়েন সংসদ সদস্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে বিচারপতি এফআইআর বাতিলের আবেদন খারিজ করে দেন। তিনি বলেন, দলের শীর্ষ পদে থেকে নির্বাচনী প্রচারে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা অনুচিত। তবে, ৩১ জুলাই পর্যন্ত পুলিশ অভিষেকের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। এই সময়ের মধ্যে পুলিশ তদন্তের প্রয়োজনে অভিষেককে সহযোগিতা করতে পারবে এবং ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে।
অভিষেক পুলিশের ডাকে সাড়া না দিলে, পুলিশ হাইকোর্টে অভিযোগ জানাতে পারবে। শুনানির সময় অভিষেকের আইনজীবী অমিত শাহের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুললে, বিচারপতি তা এই মামলার বিচার্য বিষয় নয় বলে জানান। আদালত পরবর্তী শুনানির তারিখ ২০ জুলাই নির্ধারণ করে এবং অভিষেককে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এদিকে, বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল বিধায়ক ভাভেদ খান। বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতার তিন জেলায় সহিংসতার অভিযোগে দায়ের হওয়া মামলায় তিনি জামিন প্রার্থনা করেন। এই মামলায় জাভেদ খানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হলেও, অন্য ৯ জন আগেই জামিন পেয়েছিলেন।।
ইরানের ইউরেনিয়াম: ট্রাম্পের হুঙ্কার, ‘একচুলও হাত বাড়াতে দেব না’