Published : 24 May 2026, 11:58 AM
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে শান্তিপূর্ণভাবে পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ২৮৫টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। তাঁর ভাষ্য, ‘নতুন মুখ্যমন্ত্রী ফলতার উন্নয়নের জন্য যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তাতে আমি আশাবাদী। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। আমি বিশ্বাস করি, ফলতা ভবিষ্যতে একটি সমৃদ্ধশালী এলাকা হিসেবে পরিচিত হবে।’ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ফলটায় ৮৩ শতাংশ ভোট পড়েছে, এবং সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হয়। এর আগে, ২৯ এপ্রিল সুন্দরবনের এই আসনে ব্যাপক সহিংসতার কারণে নির্বাচন কমিশন ভোট বাতিল করে দেয়। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ফলতা বাদে বাকি ২৯৩টির ফল ঘোষণা করা হয়েছে।
এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারকালে বেশ কিছু বিতর্কিত মন্তব্য শোনা যায়। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও বক্তব্য রাখেন। এই মন্তব্যের অভিযোগে রাজীব সরকার নামের এক ব্যক্তি কলকাতার বিধান নগর থানায় অভিষেকের বিরুদ্ধে একটি এফআইআর (প্রাথমিক তথ্য বিবরণী) দায়ের করেন। অভিষেক কলকাতা হাইকোর্টে এই এফআইআর খারিজের আবেদন জানান। ১৮ মে এই মামলার শুনানি হয়, যেখানে তৃণমূলের হয়ে লড়েন সংসদ সদস্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুনানি শেষে বিচারপতি এফআইআর বাতিলের আবেদন খারিজ করে দেন। তিনি বলেন, দলের শীর্ষ পদে থেকে নির্বাচনী প্রচারে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা উচিত হয়নি। তবে, ৩১ জুলাই পর্যন্ত পুলিশ অভিষেকের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারবে না। এই সময়ের মধ্যে পুলিশ তদন্ত করবে এবং অভিষেককে সহযোগিতা করতে হবে।
পুলিশ ৪৮ ঘণ্টা আগে নোটিশ দিয়ে অভিষেককে ডাকতে পারবে, এবং তিনি সাড়া না দিলে হাইকোর্টে অভিযোগ জানাতে পারবে। এই শুনানির সময় অভিষেকের আইনজীবী অমিত শাহের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ তুললে বিচারপতি জানান, এই মামলায় সেটি বিবেচ্য নয়। পরবর্তী শুনানির তারিখ ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে, এবং অভিষেককে ব্যক্তিগতভাবে আদালতে হাজির থাকতে হবে। আদালতের অনুমতি ছাড়া তিনি দেশের বাইরে যেতে পারবেন না। অন্যদিকে, বৃহস্পতিবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করেন তৃণমূল বিধায়ক ভাভেদ খান। বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন কলকাতার তিন জেলায় সহিংসতার অভিযোগে দায়ের করা মামলায় তিনি জামিন নেন। এই মামলায় জাভেদ খানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তবে অন্য ৯ জন আগেই জামিন পেয়েছিলেন।।
ফলটার ভোটগ্রহণ সম্পন্ন, অভিষেকের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা জারি