Published : 24 May 2026, 05:25 PM
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন। স্বামীপক্ষের কঠিন সময়ে তাঁর পাশে থাকার জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। ফক্স নিউজ ডিজিটালের খবর অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গ্যাবার্ড তাঁর পদত্যাগের কথা জানান। ৩০ জুন থেকে এই পদত্যাগ কার্যকর হবে। তবে সূত্র বলছে, হোয়াইট হাউস সম্ভবত তাঁকে পদত্যাগ করতে উৎসাহিত করেছে।
পদত্যাগপত্রে গ্যাবার্ড প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে লেখেন, 'আপনি আমার ওপর আস্থা রেখেছেন এবং গত দেড় বছর ধরে জাতীয় গোয়েন্দা দপ্তরের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন, সেজন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।' তিনি আরও জানান, তাঁর স্বামীর সম্প্রতি বিরল এক ধরনের হাড়ের ক্যানসার ধরা পড়েছে। গ্যাবার্ড লিখেছেন, 'আমি বিবেকবশত এই কঠিন লড়াইয়ে স্বামীকে একা ফেলে আসতে পারি না। তাই জনসেবার এই দায়িত্ব থেকে সাময়িকভাবে সরে দাঁড়াচ্ছি, যাতে তাঁর পাশে থেকে সাহস যোগাতে পারি।' প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যালে' জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান উপ-পরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি গ্যাবার্ডের কাজের প্রশংসা করে বলেন, তিনি 'খুব ভালো কাজ' করেছেন এবং স্বামীর অসুস্থতার কারণে তাঁর এই সিদ্ধান্ত যথার্থ। এর আগে ইরান নিয়ে বিভিন্ন বিষয়ে গ্যাবার্ডের সঙ্গে মতভেদের ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। মার্চ মাসে তিনি বলেছিলেন, তেহরানের পরমাণু কর্মসূচি রোধের প্রশ্নে গ্যাবার্ড তাঁর চেয়ে 'কিছুটা নরম' ছিলেন। ২০২৬ সালের ১৯ মার্চ ওয়াশিংটনে ক্যাপিটল হিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির বৈশ্বিক হুমকি বিষয়ক শুনানিতে সাক্ষ্য দিয়েছিলেন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড।।
রামিসার কান্না থামাবে সরকার, এক মাসের মধ্যে বিচার সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী