Published : 06 Apr 2026, 03:07 PM
ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এক ক্রু সদস্যের দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকার ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছিল। পরবর্তীতে মার্কিন বাহিনী সফল অভিযান চালিয়ে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে। সিএনএন-এর সঙ্গে কথা বলার সময় দুই মার্কিন কর্মকর্তা জানান, উড়োজাহাজটি ভূপাতিত হওয়ার পর এই ক্রু সদস্য কীভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে গেলেন, কোথায় লুকিয়ে ছিলেন এবং তাঁকে উদ্ধারে কী ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে। গত শুক্রবার ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এটি যুক্তরাজ্যের লেকেনহিথ বিমানঘাঁটির ৪৮ ফাইটার উইং-এর অন্তর্ভুক্ত ছিল। বিমানটিতে ক্রু হিসেবে ছিলেন পাইলট এবং একজন অস্ত্র বিশেষজ্ঞ। বিধ্বস্ত হওয়ার পরপরই তাঁরা দুজনেই বিমান থেকে বেরিয়ে আসেন। পাইলটকে দ্রুত উদ্ধার করা গেলেও, অস্ত্র বিশেষজ্ঞ নিখোঁজ ছিলেন।
সূত্র জানিয়েছে, এই মার্কিন কর্মকর্তা শত্রুপক্ষের এলাকায় একটি পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিলেন। তাঁর কাছে ছিল একটি পিস্তল, যোগাযোগ করার জন্য একটি যন্ত্র এবং নিজের পরিচয় নিশ্চিত করার জন্য একটি ডিভাইস। তিনি বুঝতে পেরেছিলেন, যে কোনো মূল্যে ধরা পড়া যাবে না। এমনকি ইরানের পক্ষ থেকে তাঁকে খুঁজে বের করার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। একসময় তিনি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,১০০ মিটার (৭,০০০ ফুট) উঁচু একটি পাহাড়ে পৌঁছান এবং সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেন। তবে, ইরানি বাহিনী যাতে তাঁর অবস্থান শনাক্ত করতে না পারে, তাই তিনি মাঝে মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন করতেন। শেষ পর্যন্ত, মার্কিন কমান্ডোদের একটি দল সেখানে অভিযান চালিয়ে নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধার করে। সামরিক পরিকল্পনাকারীরা যখন উদ্ধার অভিযানের পরিকল্পনা করছিলেন, একই সময়ে সিআইএ-ও ইরানের অভ্যন্তরে তথ্য ছড়িয়ে দেয় যে, ক্রু সদস্যরা ইতিমধ্যেই উদ্ধার হয়েছেন।
এর উদ্দেশ্য ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে বিভ্রান্ত করা। এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জানান, উদ্ধার অভিযান সফল করতে ইসরায়েল কিছু পরিকল্পিত হামলা স্থগিত করেছিল এবং গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে। সিআইএ শেষ পর্যন্ত নিখোঁজ মার্কিন কর্মকর্তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় এবং সামরিক বাহিনীকে জানায়। ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই সাহসী যোদ্ধা ইরানের দুর্গম পাহাড়ে শত্রুদের নিয়ন্ত্রণে ছিলেন। শত্রুরা তাঁকে খুঁজছিল এবং ক্রমাগত তাঁর কাছাকাছি চলে আসছিল। কিন্তু তিনি কখনোই একা ছিলেন না।’।
ইরানের সাথে চুক্তি প্রায় সম্পন্ন, হরমুজ প্রণালী খুলছে: ট্রাম্পের ঘোষণা